বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভাতের হোটেলের পাশাপাশি নাট্যশালায় পরিণত হয়েছে। অস্ত্র মজুদ করে নাটক সাজাচ্ছে গোয়েন্দা পুলিশ। তারা এই নাটকের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চাইছে, বিএনপির ছাত্রসংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পৌনে ১২টায় রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সামনে নির্বাচনকে নিয়ে তারা নানা চক্রান্ত করছে। নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। তাদের পেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। না পেলে তাদের স্বজনদের নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব গোয়েন্দা পুলিশের অস্ত্র। তারা বিভিন্নভাবে এসব অস্ত্র মজুদ করে এই নাটকগুলো সাজাচ্ছে। তাদের এই সাজানো নাটকের উদ্দেশ্য জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা। তাদের (জনগণ) দেখানো, বিএনপির ছাত্রসংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, এটা তারা আগেও করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন আর এগুলো বিশ্বাস করে না। এদের গুম-খুন বিচার-বহির্ভূত হত্যা, একের পর এক মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে প্রমাণিত যে এই সরকার গণবিরোধী সরকার।










