বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না, অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতাদের কাছে চায়। আজকে মানুষ চায় আমার ভোট আমি দেব, আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, এই সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে। দেশের মানুষ আন্দোলনমুখী। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন ও মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।










