রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩তম “আসিয়ান শীর্ষ সম্মেলন” এবং ১৮তম “পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে” যোগ দিতে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন।
প্রেস সচিব মুহাম্মাদ জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করেন।
অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
বঙ্গভবনের মুখপাত্র বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের আসিয়ান চেয়ার জোকো উইডোডোর (যিনি জোকোই নামে পরিচিত) আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা) শীর্ষ সম্মেলনে এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।











