১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩শে সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন সহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান।
এছাড়া সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭শে সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এ ছাড়া এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮শে সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।











