হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় গেল তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপ ভ্যানে করে এই মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছায়।
রফতানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মের্সাস প্রিতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুল জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকার পাঁচ হাজার মেট্রিকটন মাছ রফতানি করার জন্যে অনুমোদন দিয়েছে। রাজধানী ঢাকার মেসার্স রিপা এন্টারপ্রাইজ মাছগুলো রফতানির অনুমোদন পেয়েছে।
দুটি পিকআপ ভ্যানে করে পাঁচ হাজার ২২৫ মেট্রিকটন ইলিশ মাছ ত্রিপুরায় রফতানি হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৫০ টন মাছ রফতানি হবে। রফতানি করা প্রতিকেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। যা থেকে ৩২ হাজার ৫০ ডলার রফতানি আয় হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৪৪ হাজারের বেশি।











