spot_img

ভিসা নিষেধাজ্ঞায় আমার নাম আছে কিনা জানি না : রাঙ্গা

জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কি-না, তা জানি না। বিভিন্ন গণমাধ্যমে মার্কিন ভিসা নীতি প্রয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জেনেছি। এই প্রক্রিয়ার বিষয়ে আমি অখুশি না।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এর আগে জাপার এই নেতাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে বলা হয়, তিনি বলেছেন, শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না।

ভিসা নিষেধাজ্ঞায় নাম থাকলে বিষয়টি কীভাবে নেবেন প্রশ্নে রাঙ্গা বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। তাদের দেশের জন্য তারা তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে, সেখানে আমার নাম আছে কি নেই, তা আমি জানি না। এমন কোনো তথ্য আমাকে জানানো হয়নি।

বিভিন্ন গণমাধ্যমে ভিসা নিষেধাজ্ঞায় আপনার নাম আছে বলে আপনি নিশ্চিত করেছেন, এ প্রসঙ্গে আপনার বক্তব্য কী—জানতে চাইলে জাপার সাবেক এই মহাসচিব বলেন, এটা আমি বলিনি। আমি বলেছি, আপনাদের মাধ্যমেই আমি খবর পেয়েছি, ভিসা নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে আমার নাম আছে কি-না, কীভাবে জানব? আর এটিতো ওই দেশটির নিজস্ব বিষয়। তবে, প্রক্রিয়ার বিষয়টিতে আমি অখুশি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ