দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া দ্বিতীয়বারের বিজ্ঞপ্তির বিপরীতে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে। আগেরবার বাদ পড়াদের মধ্যে থেকেই বেশি আবেদন এসেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আশাদুল হক বলেন, তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে দেড় শতাধিক আবেদন জমা পড়েছে।
গত ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য প্রথমবারের মতো আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন। সে সময় ২১০টি সংস্থা আবেদন করেছিল।
এদের মধ্যে গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে সংস্থাটি। এবং তাদের বিরুদ্ধে দাবি-আপত্তি জানাতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। এতে দুটি সংস্থার বিরুদ্ধে নাম নিয়ে আপত্তি আসে। ফলে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন।
এদিকে গতবারের চেয়ে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা অর্ধেকের মতো কমে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গত ১৫ সেপ্টেম্বর ১০ দিনের জন্য ফের আবেদন আহ্বান করে ইসি। যার সময় শেষ হয়েছে রোববার (২৪ সেপ্টেম্বর)।











