spot_img

কোথায় খেলবেন বলেন, প্রয়োজনে মহিলা আ’লীগকে পাঠাব : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আমাদের বলেছে ফাইনাল খেলা আগামী মাসে হবে। আমরা প্রস্তুত আছি ফাইনাল খেলার জন্য। আমরা প্রিপারেশন নিয়েছি ফাইনাল খেলার জন্য। কোথায় খেলবেন ফাইনাল খেলা বলেন। আমরা সেখানে যাব। আমরা আওয়ামী লীগ যাব না, যুবলীগকে সেখানে পাঠাব ফাইনাল খেলার জন্য। আমাদের ফাস্ট টিম পাঠাব না, সেকেন্ড টিম পাঠাব। প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকে পাঠাব। ওদের সাথে আগে খেলেন। তারপর আওয়ামী লীগ প্রয়োজনে আপনাদের সাথে খেলবে। যুব মহিলা লীগ যদি যেতে চায় যুবলীগ তাদের নিয়ে যেতে পারে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পাঠানপাড়ার শিমুল তলা মোড়ে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঢেলে সমস্ত ষড়যন্ত্র, চক্ষু রাঙানিকে উপড়ে ফেলে দেশকে স্বাধীন করেছিলেন। আজকেও কেউ কেউ চোখ রাঙায়। এটি শেখ হাসিনা, যার ধমনি-শিরায় বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান। যে রক্ত আপস মানে না। যে রক্ত রক্তচক্ষুর সামনেই দেশকে এগিয়ে নিয়ে যায়- সেটি হচ্ছে শেখ হাসিনা। ১৪ সালেও সড়যন্ত্র হয়েছিল। বলেছিল নির্বাচন করলে এক মাসও টিকবে না। আমরা পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। ১৮ সালেও ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন করার পর বিএনপি বলেছিল, টান দিয়ে ফেলে দেব। খালেদা জিয়া জেলে থাকলেও তার ও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলন করেছিল। টান দিতে গিয়েই তারাই রশি ছিঁড়ে পড়ে গেছে।

তিনি বলেন, বিএনপিকে অনুরোধ জানাব, ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা দলে থাকে নাকি দল বদল করে ফেলে সেই দিকে একটু খেয়াল রাখবেন। ফাইনাল খেলার আগে যদি আপনাদের খেলোয়াড়রা দল বদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না।

সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা আনজুম মিতা, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মুহাম্মাদ আবু সালেহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ