ইসলামী আন্দোলন বাংলাদশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জনগণ দেশে ২০১৮ সালের মত আর কোন নিশি রাতের নির্বাচন হতে দেবে না। আমরা আর প্রতারকের মিষ্টি কথায় আওয়ামীলিগের অধীনে নির্বাচনে যাব না।
তিনি বলেন, দেশে মারাত্মক সঙ্কট সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব সংকটে পডার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, সরকার উন্নয়নের কথা বলে জনগণের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত। ২০১৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ওয়াদা দিয়েছিলেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা,তিনি জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। কিন্তু আমরা দেখেছি তারা দিনের ভোট রাতে বাক্সে ভরে নিজেদের ক্ষমকার চেয়ার পাকাপোক্ত করেছে। আজকে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতিবাজ, লুটেরা এবং বিদেশী তাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে।
তিনি বলেন, সরকার প্রধান আমেরিকায় থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করার ঘোষণা সরকারের জন্য লজ্জাজনক। তিনি বলেন, ক্ষমতাসীনদের কেউ কেউ ভেবেছিলেন বাইডেনের সঙ্গে ছবি তুলে সব সুরাহা করা যাবে।
ভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, পরিষ্কারভাবে বলা হয়েছে, জনগণের ভোট ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা। ভিসা নীতি স্বাধীন সার্বভৌম জাতির জন্য সম্মানজনক নয়।
জেলা সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি টি এম মাহফুজ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।










