পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বিদেশিদের দেখা উচিত। তাহলে বাংলাদেশ কি, সে সম্পর্কে তারা জানতে পারবেন, আমাদের বঞ্চনা ও স্বপ্নের কথা তারা বুঝতে পারবেন।
আজ শনিবার (২১ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুভূতি ব্যক্তকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কত ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।
ড. মোমেন বলেন, আমাদের নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত। এতে তারা দেশের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে।











