বিশ্ববাসীর উদ্দেশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরতে এবার সংবাদ সম্মেলন করলো ইসরাইল কর্তৃক বর্বরতা ও নৃশংসতার শিকার অবরুদ্ধ গাজ্জার শিশুরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববাসীর উদ্দেশ্যে গাজ্জার শিশুদের পক্ষ থেকে বলা হয়, ৭ অক্টোবর থেকে আমরা ধ্বংসযজ্ঞ, গণহত্যা, বাস্তুচ্যুতি ও নির্বাসনের মুখোমুখি হয়ে আসছি। আমাদের মাথার উপর ভয়ংকর সব রকেট ও বোমা ফেলা হচ্ছে। অথচ হামলাকারীরা বিশ্ববাসীর সামনে ডাহা মিথ্যা বলে যাচ্ছে যে, তারা প্রতিরোধ যোদ্ধাদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে! কিন্তু সত্য হলো, আমরা একাধিকবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। এখানে হাসপাতালে চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছি। কিন্তু এখানেও বহুবার বোমাবর্ষণের মুখোমুখি হতে হয়েছে আমাদের।
আশ-শিফা হাসপাতালকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা আমাদের বিস্মিত ও হতভম্ব করে দিয়েছে। মনে হচ্ছে আমরা আবার মৃত্যুপুরীতে এসে অবস্থান নিয়েছি।
এছাড়া দখলদারেরা আমাদের অনাহারে মারছে। দীর্ঘদিন ধরে আমরা না পাচ্ছি খাবার পানি, না পাচ্ছি রুটি, না অন্য কোনো খাবার। দূষিত নোংরা পানি পান করতে হচ্ছে আমাদের।
শিশু হিসেবে আমরা এখানে সাহায্যের ফরিয়াদ জানাতে এসেছি। আমাদের সহায়তা ও রক্ষার আহবান জানাচ্ছি। গণহত্যা বন্ধ করুন। আমরা বাঁচতে চাই। আমরা নিরাপত্তা চাই। শিশুদের পক্ষ থেকে আমরা গণহত্যার বিচার চাই। আমরা শিক্ষা, খাদ্য, ঔষধ ও সু-চিকিৎসা চাই। আমরা বাঁচতে চাই।
সূত্র : আল জাজিরা









