spot_img
spot_img

ইসরাইলী বর্বরতায় পুরোপুরি বন্ধ হয়ে গেল গাজ্জার সবচেয়ে বড় ২টি হাসপাতাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা ও আল কুদস হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এছাড়া আল শিফা হাসপাতালে হামলায় ৩ জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজ্জার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরাইলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরাইল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গাজ্জার হাসপাতালগুলোতে ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ আরও বহু রোগী দুঃখজনকভাবে মারা যাচ্ছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজ্জার আল-শিফা হাসপাতালে হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেওয়া দুই শিশুসহ ১২ জন রোগীও হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, পরে তৃতীয় এক অপরিণত শিশুরও মৃত্যু হয়েছে।

অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে, এতে করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।

রোগীদের পাশাপাশি এই হাসপাতালটিতে ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন।

তিনি বলেন, ইসরাইলি বোমা হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষদের কেউই গাজ্জার দক্ষিণাঞ্চলে সরে যেতে পারছেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ