বর্তমানে দেশে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে তা বিএনপির নয়, এটি আন্তর্জাতিক সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছে। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও ফাতিহা পাঠের পর এ মন্তব্য করেন তিনি।
হাম পরিস্থিতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।
রিজভী বলেন, মন্ত্রীদেরকেও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে যাতে মানুষ বিপন্ন হতে না পারে। যাতে কোনো ধরনের মহামারি গ্রাস করতে না পারে।
প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। দিনাজপুরে খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।











