অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ওয়াশিংটনের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনীর গণহত্যার মধ্যেই, আমেরিকার রাস্তায় ৩ জন ফিলিস্তিনি কলেজ ছাত্রকে গুলি চালিয়ে আহত করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত ভার্মন্ট রাজ্যে এ ঘটনা ঘটে।
ভার্মন্ট পুলিশের সূত্রে জানা যায়, ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন দুই ফিলিস্তিনি। এ সময় তাদের উপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় বন্দুকধারী। এতে একজনের বুকে ও অন্যজনের পিঠে গুলি লাগে।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে কিছুটা সামনে এগিয়ে আরো একজন ফিলিস্তিনিকে দেখার সঙ্গে সঙ্গে আবারো গুলি চালায় একই বন্দুকধারী। এ সময় তারা গুরুতর আহত হন।
প্রসঙ্গত, আক্রমণের সময় এই তিন ছাত্র মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়াহ পরা ছিলেন ও আরবিতে কথা বলছিলেন।
ফিলিস্তিনের ব্রিটিশ রাষ্ট্রদূত হুসান জোমলূতের মতে এ তিনজন ছাত্রের নাম হিশাম আওয়ারতানি, কায়নান আবদেল হামিদ এবং তাহসিন আহমেদ। যাদের সবার বয়স ২০ বছর।
ভার্মন্ট পুলিশ আরো জানায়, আক্রান্তের শিকার দুই ব্যক্তি মার্কিন নাগরিক ও অন্যজন সেখানের বৈধ বাসিন্দা।
এমন হত্যাচেষ্টা একটি ঘৃণা প্রণোদিত অপরাধ বলে সন্দেহ করছেন তদন্ত কর্মকর্তারা
ভার্মন্ট পুলিশ প্রধান বলেন, “তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা, অপরাধী অথবা অপরাধীদের এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি।”
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিম ও আরবদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার আদায়ের জন্য বৃহত্তম আইনজীবী সংস্থা দি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, গত অক্টোবর থেকে নভেম্বরের শুরু পর্যন্ত এরকম ১ হাজার ২৮৩টি রিপোর্ট জমা পড়েছে। যা ২০২২ এর তুলনায় ২১৬ শতাংশ বেশি।
সূত্র: প্রেস টিভি ও রয়টার্স











