ঢাকায় আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররম এর উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নীতিনির্ধারনী ফোরামের মুরুব্বিগন দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত উক্ত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।










