দোহা আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনে (ডিআইএমডিইএক্স-২০২৪) অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও দেশটির সেনাপ্রধান ফসিহউদ্দিন ফিতরাত।
সোমবার (৪ মার্চ) এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারে আফগানিস্তানের মুখপাত্র সোহাইল শাহিন বলেন, “তারা আজ ডিআইএমডিইএক্স-২০২৪ এ অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সম্মেলন ও প্রদর্শনী আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যুক্ত হতে সাহায্য করবে।”
তিনি আরো বলেন, “এই সম্মেলনে আফগান প্রতিনিধিদের আমন্ত্রণের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে, বিশ্ব বর্তমানে আফগানিস্তানের বাস্তবতা বুঝতে পেরেছে ও তা গ্রহণ করছে…. এবং তারা আফগানিস্তানের সাথে সংযুক্ত হতে চায়।”
প্রসঙ্গত, ডিআইএমডিইএক্স এর ৮ তম সম্মেলন এটি। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৬০ টিরও বেশি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, যে কোন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে কাতার। আফগান সরকারের জন্য কাতার একটি নির্ভরযোগ্য দেশ।
সূত্র: আরব নিউজ











