অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ক্ষুধার তাড়নায় আরো ৩ জন ফিলিস্তিনি শিশু মারা গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, গাজ্জা শহরের আল শিফা হাসপাতালে এই তিনজন শিশু মারা গেছে। ফলে ক্ষুধার তাড়নায় মারা যাওয়া শিশুর সংখ্যা মোট ২৩ জনে পৌঁছেছে।
প্রসঙ্গত, ক্ষুধার তাড়নায় মারা যাওয়া বেশিরভাগ শিশুরা উত্তর গাজ্জায় অবস্থান করছিল। আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে এই অঞ্চলে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা সত্ত্বেও সেখানে তীব্র অবরোধ জারি করে রেখেছে ইসরাইলি বাহিনী। কোন ধরনের মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায়।
এদিকে, ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় (ইউএনআরডাব্লিউএ’র) মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথা জানিয়েছে সুইডেন। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজ্জায় ‘দুর্ভিক্ষের সম্ভাবনা’ রয়েছে বলে সতর্ক করার পরপরই এমন ঘোষণা দিল সুইডেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার পেছনে ইউএনআরডাব্লিউএ’র বেশ কিছু কর্মকর্তা জড়িত রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এমন দাবির প্রতিক্রিয়ায় জানুয়ারি মাসে সংস্থাটিতে অনুদান দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেনসহ আরো বেশ কয়েকটি দেশ।
সূত্র: মিডল ইস্ট মনিটর











