কাবুল ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখা একটি অপরিহার্য বিষয় বলে জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। সেইসঙ্গে পাকিস্তানসহ সকল পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেরও ইচ্ছা প্রকাশ করেছে দেশটি।
আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী ও মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব তথ্য প্রদান করেছেন।
মুজাহিদ বলেন, “প্রথমত, নবগঠিত পাকিস্তান সরকারসহ পার্শ্ববর্তী সকল দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার পথ খোঁজে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আফগানিস্তানেরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা চাই আফগানিস্তানকে সাথে নিয়ে বিভিন্ন শাখায় উন্নতি করুক পাকিস্তান।”
পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের নির্বাসনের ক্ষেত্রে নতুন গঠিত সরকারের প্রতি নমনীয়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুজাহিদ।
তিনি বলেন, “শরণার্থীদের বিষয়ে আমরা নমনীয়তা প্রদর্শন কথা বলব। অনেক বছর ধরেই আফগান শরণার্থীদের আতিথেয়তা প্রদান করছে পাকিস্তান। তাই এই সকল শরণার্থীরা আফগানিস্তানে ফিরে না আসা পর্যন্ত হলেও কাবুলের সাথে সম্পর্ক বিবেচনা করা উচিত ইসলামাবাদের।”
এছাড়াও দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, ডুরান্ড লাইন ও পাকিস্তানে আফগান ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুজাহিদ।
সূত্র: তোলো নিউজ











