spot_img
spot_img

স্বাস্থ্য,শিক্ষা,অর্থনীতি ও মানবিক সহায়তা নিয়ে রাজনীতি করা উচিত নয়: মাওলানা মুত্তাকী

স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও মানবিক সহায়তা নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

সোমবার (৬ মে) কাবুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এই আহবান জানান।

মাওলানা আমির খান মুত্তাকী বলেন, স্বাস্থ্য খাতে আফগানিস্তান পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও মানবিক সহায়তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। সকলের উচিত এসব খাতকে রাজনৈতিক স্বার্থ থেকে দূরে রাখা।

তিনি আরো বলেন, পোলিও রোগ প্রতিরোধের বিষয়টি এখনো ইমারাত সরকারের প্রাধান্যের শীর্ষে রয়েছে। পোলিও সম্পূর্ণরূপে মানবিক একটি বিষয়। একে নিয়ে রাজনীতি থেকে দূরে রাখা উচিত।

এছাড়া তিনি জাতিসংঘকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিকে স্বীকৃতি দেওয়ার আহবান জানান। আফগান স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার ক্ষেত্রে দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র ও সমস্যা সম্পর্কে জানতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আগ থেকে আফগান প্রতিনিধি হিসেবে নিয়োজিত ডাক্তার হানান বালখী বলেন, স্বাস্থ্য খাতে সহযোগিতা মূলক সম্পর্ক স্থাপনে ইমারাতে ইসলামিয়ার সরকার ও পাকিস্তানের মাঝে একটি বৈঠকের চেষ্টা চলছে। এই নারী প্রতিনিধি উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈঠক আয়োজনের জন্য এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও তিনি বলেন, বিল গেটস ফাউন্ডেশন সহ সৌদি, কাতার ও আরব আমিরাত সরকার আফগানিস্তানের স্বাস্থ্য সেবার উন্নয়নে ২৪ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

বৈঠকে আফগান জনগণের পোলিও ভীতি ও স্বাস্থ্য খাতের আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। তালেবান নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে পোলিও ভীতি ও উল্লিখিত সমস্যা নিরসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সূত্র: হুররিয়াত

spot_img
spot_img
spot_img

সর্বশেষ