প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে তারেক রহমানসহ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৫ জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ২১ আগস্ট বোমা হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে নিজেদের মতাদর্শের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের নাম চার্জশিটে ঢোকায়। এটি তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদেরই আন্দোলনের ফসল ১/১১ এর সরকারের সময়সহ দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার পরেও তাকে জড়িত করা সম্পূর্ণরূপে আওয়ামী সরকারের চরম আক্রোশের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, স্বার্থান্ধ, ঔদ্ধত্য ও মহাদুর্নীতিকে পর্দার আড়ালে রেখে সরকার এখন তারেক রহমানের বিষোদগার করছেন।










