spot_img

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

রোববার (১২ জুলাই) ভোররাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক লোকজনের চলাচল ও কথাবার্তার শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পরে শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে চারাবাড়ি এলাকায় দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।

তিনি আরও বলেন, তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত সরে গিয়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের থেমে পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা চালায়।

বিজিবি অধিনায়ক জানান, এ অবস্থায় তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে ভীতি প্রদর্শন ও গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়ে বিজিবি। পরে চোরাকারবারিরা সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। গুলিবর্ষণে কেউ আহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া, এ ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ