দেশের চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দু‘আ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগষ্ট) বাদ জুমা চট্টগ্রামের লালখান বাজারস্থ জামিয়াতুল উলুম মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুফতী হারুন ইজহার বলেন, দেশব্যাপী ছাত্ররা যখন যৌক্তিক আন্দোলনে মাঠে নেমেছিল তখন রাষ্ট্রীয় মদদে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা নিরীহ ছাত্র ও দেশের সাধারণ নাগরিকের উপর নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে ও হাজার হাজার মানুষকে আহত করেছে; যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন-যাপন করছে।
তিনি আরও বলেন, জুলুম আর শাসন একসাথে চলতে পারে না। হয়তো জুলুম বন্ধ করতে হবে নয়তো সরকারকে গদি ছাড়তে হবে।
মুফতী হারুন ইজহার চট্টগ্রাম মহানগর হেফাজতের পক্ষ থেকে গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহার করাসহ দশ দফা দাবি লিখিত বক্তব্যে পেশ করেন। পরে তিনি আহত ও নিহত ব্যক্তিদের সহায়তা করা ও মামলায় জর্জরিতদের সহযোগিতা করার জন্য একটা ফান্ড করার ঘোষণা দেন ও সেই ফান্ডে সবাইকে সাহায্য করতে আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, চট্টগ্রাম মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল ও মহানগর হেফাজত নেতা মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ প্রমুখ।











