spot_img
spot_img

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে: ড. আ ফ ম খালিদ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারকে অস্থিতিশীল করার পায়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে।

শনিবার (১০ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত লুট ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর এ ধরনের সহিংসতা ও হামলা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ- যা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা। বিগত এক মাস ধরে অনেক মাদ্রাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও ঘরবাড়ি পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা আশা করি, আগামীতেও তারা এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে। অন্যথায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় আগামীকাল থেকে হটলাইন চালু করতে চায় সরকার। কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ