spot_img
spot_img

দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে তারেক রহমান ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের ভেতর থেকে কেউ বিরোধিতা বা ভিন্নভাবে কাজ করলে সে দল থেকে ছিটকে পড়বে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, তাদেরকে তারেক রহমান ক্ষমা করবেন না।

তিনি আরও বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে বিজয়ী হতে পারে এমন প্রার্থী চাচ্ছে দল। আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো নেতা দিয়ে কী হবে, বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিচ্ছু যায়-আসে না।

ভোটে প্রার্থী নির্ধারণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, তারা যেন বিজয়ী হয়ে আসে। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু সে যদি না জেতে, তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেইমানি করছেন, বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাকে ধরার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ