দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিজ আখতার।
দায়িত্ব নেওয়ার পর আজ রোববার (১১ আগষ্ট) সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এটা (ইলিশ মাছ) রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
তিনি আরও বলেন, দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না। এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের দাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











