চীনের পর এবার আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকারের রাষ্ট্রদূতকে গ্রহণ করে নিয়েছে আরব আমিরাত ও কাজাখস্তান।
বুধবার (২১ আগস্ট) দেশ দুটির পৃথক পৃথক বিবৃতিতে একথা জানানো হয়।
আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইমারাত সরকার মনোনীত রাষ্ট্রীয় প্রতিনিধি মাওলানা বদরুদ্দীন হক্কানী তার পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিয়েছে আমাদের সরকার।
অপরদিকে কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মুহাম্মাদুর রহমান রহমানী আজ থেকে কাজাখস্তানে ইমারাতে ইসলামিয়া সরকারের দূত হিসেবে কাজ করবেন।
কাজাখ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলিবেক বাকায়েভ বলেন, ইমারাত সরকারের দূত মুহাম্মাদুর রহমান রহমানীকে কাজাখ সরকারের স্বীকৃতি প্রদান দু’দেশের বাণিজ্য, অর্থনীতি ও মানবিক সহযোগিতা বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈশ্বিকভাবে নিষিদ্ধ তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিকে দূত হিসেবে স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, এটি বিশ্ব সম্প্রদায়কে আফগান চ্যালেঞ্জ মোকাবেলায় কাজাখস্তানের সহযোগিতার অংশ।
সংবাদমাধ্যমের তথ্যমতে, রাশিয়া ও উজবেকিস্তানও আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার ও তার প্রতিনিধিদের স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে।
জাতিসংঘের তত্বাবধানে জুনের শুরুতে অনুষ্ঠিত ৩য় দোহা সম্মেলনে ইমারাত সরকারের অংশগ্রহণ রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তালেবান নেতৃত্বাধীন সরকার শাসিত আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে। সম্পর্ক স্থাপনে আইনী ও নীতিগত বাধা দূর করতে তাদের পররাষ্ট্র বিশেষজ্ঞগণ বিষয়গুলো খতিয়ে দেখবে বলে আশ্বাস দেন।
সূত্র: হুররিয়াত










