ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।
সোমবার (২ সেপ্টেম্বর) কাবুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা কালা-ই-বখতিয়ারে স্থানীয় সময় বিকেলে এ হামলা হয়। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরায়।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়ে, কাবুলের দক্ষিণাঞ্চলের কালা-ই-বখতিয়ার এলাকায় একজন হামালাকারী তাঁর নিজের শরীরের সঙ্গে থাকা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৬ জন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন ১৩ জন। এছাড়া নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
স্থানীয় পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার তদন্তের কাজ চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেননি।










