ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েস। তাদের দাবি, বাগরাম বিমান ঘাঁটিতে জেলখানা চালু করার জন্য এই হামলা চালানো হয়েছে।
এক টেলিগ্রাম বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে সন্ত্রাসী সংগঠনটি।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর কাবুলে আত্মঘাতী বোমা হামলা চালায় দায়েস। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়। কাবুল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আহত হন আরো ১৩ জন। তবে দায়েসের দাবি, ৪২ জন আহত হয়েছেন।
দায়েস জানিয়েছে, আফগানিস্তানের কাবুলে বাগরাম বিমান ঘাঁটিতে পুনরায় জেলখানা চালু করেছে তালেবান সরকার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুগকেই মনে করিয়ে দেয়। এর প্রতিশোধে উক্ত হামলা চালানো হয়েছে।
আফগানিস্তানের কারা কর্তৃপক্ষের প্রধান মুহাম্মাদ ইউসুফ মেস্তারি কারাগারটি পুনরায় চালু করার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৫০ সালে বাগরামে একটি বিমান ঘাঁটি নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এরপর ২০০১ সালে এটি পুনর্নির্মাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমান ঘাঁটির মধ্যে থাকা একটি জেলখানাকে কারাগার হিসেবে ব্যবহার করত মার্কিন সৈনিকরা।
সূত্র: এন্টি ওয়ার ডটকম










