spot_img
spot_img

আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছেন : অর্থ উপদেষ্টা

বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী (রাঘববোয়ালদের) ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছেন। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে।

আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, এরমধ্যেই বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপরে এ নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি এক সিদ্ধান্তে কালোটাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কালোটাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে; যাদেরই অপ্রদর্শিত আয় আছে তাদের ধরবে।

সাংবাদিকেরা বাজারে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্প কারখানায় কয়েক দিন ধরে চলা অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিকের সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। পরিস্থিতি উন্নয়নে তারা সবাই সহযোগিতা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ