অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মনের বাইরের একটা জগত আছে সে জগতকে সমৃদ্ধ করতে বইয়ের বিকল্প নাই। ইসলামি বইমেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামি বইমেলায় (বায়তুল মোকাররম পূর্বপ্রাঙ্গণ) বিশ্বকল্যাণ পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ হোসেন বলেন, ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়। আমি ধন্যবাদ জানাই লেখক ও অনুবাদক, প্রকাশকদের। তাদের চেষ্টা সাধনায় এই বইমেলা সুন্দর করে সেজেছে।
তিনি বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় খোরাক জোগাতে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাফসীর কুরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ বই মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, জহির উদ্দিন বাবর, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিম প্রমুখ।
উল্লেখ, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত তাহফিজুল কুরআনুর কারিমসহ ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।










