spot_img

আলেমদের বিরুদ্ধে সাদপন্থীদের মানহানি মামলার প্রতিবাদ জানিয়েছে হেফাজত

বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের তত্ত্বাবধানে পরিচালিত শূরায়ী নেজামের অধিনে চলা তাবলীগী সাথী ভাইদের বিরুদ্ধে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মানহানির মিথ্যা মামলার ঘটনায় দলটির মহাসচিব আল্লামা সাজিদুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তিনি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান করেছেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব এ আহ্বান জানান।

আল্লামা সাজিদুর রহমান বলেন, আমীরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতী আব্দুল মালেক, হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ (মধুপুর পীর), নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, ঢাকা মহানগর মিরপুর জোনের সদস্য সচিব মাওলানা লোকমান মাজহারী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতী জাফর আহমাদ এবং তাবলীগের দায়িত্বশীল সাথী ভাই ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্নার নামে সাদপন্থী মোহাম্মাদ যুবায়ের হোসাইন নামে এক ব্যক্তির উদ্দেশ্য প্রণোদিত হয়ে রোববার (১ ডিসেম্বর) এ মিথ্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, আমরা এই ঘটনায় যারপরনাই হতবাক ও মর্মাহত হয়েছি। হয়রানি মূলক এই মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দায়েরকৃত মানহানিকর এই বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান করছি।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি, মহামান্য কোর্ট আগামী (১৪ জানুয়ারি) এই মামলা শুনানির দিন ধার্য করেছেন। দেশকে যখন পতিত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোসররা অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক সেই সময়ে দেশের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরামদেরকে দেশে-বিদেশে হেয় প্রতিপন্ন করার জন্য চরম আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে মিথ্যা মামলা দায়ের করেছে সাদপন্থী মোহাম্মাদ যুবায়ের হোসাইন। দেশকে অস্থিতিশীল করতে এই ব্যক্তির উদ্দেশ্য প্রণোদিত স্বার্থের ব্যাপারে আমরা বিশেষভাবে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।

মহাসচিব বলেন, আজকের বৈষম্যবিরোধী ছাত্র জনতার সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, আজ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের মদদপুষ্ট একদল যড়যন্ত্রকারী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বর্তমান সরকারকে ব্যার্থ ও অকার্যকর প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা আজ নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ও পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাই এদের সকল অপচেষ্টা রুখতে এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও বিপর্যয় এড়াতে নির্বাহী আদেশের মাধ্যমে উলামায়ে কেরামসহ তাবলীগের দা’ঈ ভাইদের নামে দায়েরকৃত মানহানিকর ও অপবাদ মূলক মিথ্যা মামলা বাতিল করার জন্য সরকারের উপদেষ্টা মন্ডলীর নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের দেশ-জাতি ও আলেম উলামা বিরোধী সকল চক্রান্ত এখনই বন্ধ করতে হবে। সরকার যদি এক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দেয়, তাহলে দেশের সাধারণ ছাত্র সমাজ, ইসলামপ্রিয় তৌহিদী জনতা এবং দেশপ্রেমিক আপামর জনগণ এর প্রতিবাদে মাঠে নমতে বাধ্য হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ