বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে, সবগুলো করা হচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, পতিত স্বৈরাচার সরকার ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গেছে। অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সেখান (ভারত) থেকে ষড়যন্ত্র করছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদেরকে সারাবিশ্বে মানহানি করছে। এটার একটাই উদ্দেশ্য, সেটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা।
তিনি আরও বলেন, আন্দোলনের ফসল আজকের সরকার। এটা অন্তর্বর্তী সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে।











