সলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করবো।
শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেজাউল করীম বলেন, যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে। আমাদের জাতীয় ঐক্য থাকতে হবে। দুর্নীতিবাজ, লুটেরাদের নেতৃত্বে যারা আওয়ামী লীগকে আনতে চায় তারা দেশের শত্রু। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছি যাতে মানুষের আক্বিদা ও বিশ্বাসের বিরুদ্ধে না যায়। আপত্তি করার পরেও ফারুকীকে (উপদেষ্টা) সরিয়ে দেওয়া হয়নি। আশা করি, সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। ১৬ বছর ও ৫৩ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।











