spot_img

আমরা আজ এক নতুন সিরিয়াকে দেখছি : হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আমরা আজ এক নতুন সিরিয়াকে দেখছি। এটি একদিনে ঘটেনি, গেল ১৩ বছর ধরে দেশটি অশান্ত ছিল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দামেস্কে তুরস্কের দূতাবাস চালু নিয়ে আলাপকালে তিনি এসব কাথা বলেন।

হাকান ফিদান বলেন, তুরস্ক রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে রক্তহীন পরিবেশ তৈরির পথ প্রশস্ত করছে।

তিনি বলেন, সিরিয়ার এখন একটি সার্বভৌম জাতীয় সরকার রয়েছে। যারা তার ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম এবং এই সরকার পিকেকে বা ওয়াইপিজির মতো সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না, অন্য কোনো শক্তিকে তার মাটিতে প্রশ্রয় দেবে না।

তিনি আরও বলেন, আসাদ প্রশাসন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণের প্রয়োজন মেটানোর মতো সঠিকভাবে কাজ করতে পারেনি। তারা মৌলিক সেবাগুলোও দিতে ব্যর্থ হয়। অর্ধেক জনসংখ্যা নিজ দেশেই বা দেশের বাইরে বাস্তুচ্যুত। এতে অভিবাসনের ঢেউ সৃষ্টি হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের জন্যও ঝুঁকি তৈরি করেছে। সরকার টিকে থাকার জন্য মাদক বাণিজ্যের ওপর নির্ভর করছিল।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া এমন একপর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়ানরা নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আশার আলো দেখা যাচ্ছে। সিরিয়ার জনগণ একা এটি করতে পারবে না, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সাহায্য করতে হবে। সিরিয়া জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের কল্যাণকে অনেক গুরুত্ব দেয়।

তিনি বলেন, নতুন প্রশাসনকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর্ভুক্তির নীতি থেকে কখনো সরে আসা যাবে না। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয়। এখন সময় একত্রিত হওয়ার এবং দেশ পুনর্গঠনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ