spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরসালিন (২৪) ও নবীর হোসেন (৩০)। মুরসালিন ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তঘেঁষা বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। নবীর হোসেন একই উপজেলার মধুপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১২টার দিকে ধজনগর সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় মুরসালিন ও নবীরকে নিয়ে যায় বিএসএফ। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘবদ্ধ হয়ে চোরাচালানি পণ্য আনতে কিছু যুবক ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কয়েকজন। পরে বিএসএফ সদস্যরা মুরসালিন ও নবীর হোসেনকে আগরতলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল শরিফ জানান, মরদেহ ফেরত পেতে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিংয়ের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত যুবক মুরসালিন একজন কলেজপড়ুয়া ছাত্র। বিএসএফ সদস্যদের গুলির পর আহত অবস্থায় তাদেরকে নিয়ে যায় বলে তিনি জানতে পেরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ