spot_img
spot_img

হাসিনার আমলে চোর-ডাকাতরাও এমপি হয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না। কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করতো হাসিনা। হাসিনার একক সিদ্ধান্তেই মানবপাচারকারী, স্বর্ণ চোরাকারবারি এবং ডাকাতও এমপি হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি এ সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরও বেশি প্রসারিত হতো যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতো। সরকারের কেউ কেউ বলছেন এত তাড়া কিসের।

তিনি বলেন, নিউইয়র্কে যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো ধনী ব্যক্তিরা বসবাস করেন সেখানেও আওয়ামী লুটেরাদের প্লট-ফ্ল্যাট রয়েছে। চাঁদপুরে মাঠের পর মাঠ দখল করেছে দিপু মনি। তারা জানতো এসব অপকর্মের বিচার নেই।

তিনি আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে জানা, অনিয়মকে না বলাই সংস্কার। সরকার প্রধান যদি কাউকে অন্যায়ভাবে জেল দিতে বলেন, সাজা দিতে বলেন আর বিচারক যদি না বলে এটিই সংস্কার। ডিসি এসপিরা যদি মন্ত্রী এমপির অন্যায় আদেশ না শুনে সঠিক পথে কাজ করে এটিই সংস্কার। যেটি শেখ হাসিনার আমলে হয়নি। খালেদা জিয়াকে অন্যায়ভাবে নিম্ন আদালত ৫ বছর সাজা দিলো। উচ্চ আদালত তা ১০ বছর করলো। নিম্ন আদালতে যে ৫ বছর সাজা দিলো তাকে পদন্নোতি দেওয়া হলো, আবার যে বিচারপতি ১০ বছরের সাজা দিলো তাকে আপিল বিভাগের বিচারপতি করে পুরস্কৃত করা হয়েছিল। আর যে বিচারক একটি মিথ্যা মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছে তাকে দেশ ছাড়া করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সম্প্রতি তথ্য পাচ্ছি বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত জড়িত। কানাডার শিখ নেতা খুন করেছে কারা? বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত যে জড়িত তা অস্বীকার করা যাবে না। তার প্রমাণ আমাদের সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতই গভীর বন্ধুত্ব যে আওয়ামী লীগের অনেক দায় ভারত নিয়েছে। ভারত এবং পতিত আওয়ামী লীগ অনেক দাবার চাল দেবে, সাবধান থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ