spot_img
spot_img

আমাদের একমাত্র লক্ষ্য হলো সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য হলো সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত একটি দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা মাঠে নেমেছি শুধু একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য।”

তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা পক্ষপাতহীনভাবে কাজ করবেন। ভয়ের কোনো কারণ নেই। পূর্বে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো, কিন্তু এবার উল্টো হবে। কারো পক্ষ নিলে সমস্যা হবে। আমরা কঠোর অবস্থানে যাব। সঠিকভাবে কাজ করলে আমরা দেশবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, “নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, তাদের সহযোগিতা এবং দেশবাসীর সহায়তায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।”

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ