spot_img
spot_img

সীমান্ত ইস্যুতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে বার্তা দিলো বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও বিরোধ নিয়ে আলোচনা করার জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ৪৫ মিনিট ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের বোঝাপড়া হয়েছে। আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ ও বিজিবি—এই বিষয়ে যোগাযোগ করেছে। আমরা আশা করছি, সমঝোতা বাস্তবায়ন করা হবে এবং অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ, চোরাচালান ও অপরাধীদের চলাচল বন্ধ নিশ্চিত করার পাশাপাশি পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ভারতীয় প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়কে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। পরিস্থিতি সমাধানের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার সম্ভাবনার কথা ইঙ্গিত করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ