টঙ্গীর তুরাগ লাখো মুসল্লির ঢল। আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আম বয়ান শুরু করেন। তার বয়ান বাংলা ভাষায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।
এদিকে আজ বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এ নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। সড়ক, রেল ও নৌপথসহ সব পথেই মুসল্লিদের কাফেলা টঙ্গীর দিকে ছুটছে। জুমার নামাজে লাখ লাখ মুসল্লি শরিক হবেন বলে আশা করা হচ্ছে। জুমার নামাজ পরাবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
এরপর বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।











