জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীর বাংলাদেশ নিরাপদ নয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বোয়ালমারীতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আফেন্দি বলেন, আগামী নির্বাচনে আমাদের এমন নেতা নির্বাচন করা উচিত, যিনি বিশ্বস্ত জনসেবক, সুখে-দুঃখে জনগণের পাশে থাকবে, জনগণের কথা শুনবে, সরকারি বরাদ্দ আত্মসাৎ না করে প্রকৃত প্রাপ্যদের কাছে পৌঁছে দেবে।
বোয়ালমারী উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশ আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন, ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মহানগর সভাপতি মাওলানা মানসুর আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।











