spot_img
spot_img

বড় দলের চাপে রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে : মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দ্রুত রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করা প্রয়োজন, কিন্তু বড় রাজনৈতিক দলের চাপে এই প্রক্রিয়া কিছুটা ব্যাহত হচ্ছে।

তিনি আজ (১২ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর মুগদা থানা শাখার উদ্যোগে মান্ডা হায়দার আলী স্কুল মাঠে অনুষ্ঠিত থানা সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে, কিন্তু বড় দলের রাজনৈতিক চাপে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন দিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করা সম্ভব নয়। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করা আবশ্যক।”

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে মাওলানা ইমতিয়াজ বলেন, “প্রথমে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা উচিত। তা না হলে জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে হলে এবং পেশিশক্তিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতির বিকল্প নেই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। পিআর পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।”

মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ সিকদারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, মাওলানা আব্দুল হাকিম, ক্বারী ইব্রাহিম খলিল প্রমুখ। এছাড়া ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে হাজী মুহাম্মদ হানিফ সিকদারকে সভাপতি ও সাইফুর রহমানকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ