spot_img

আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে : খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি নির্মূলে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে তিনি এ কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বিগত সরকারের দীর্ঘমেয়াদি একদলীয় শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দলীয়করণ করা হয়েছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পেশাদারিত্ব ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী গুলো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে। এবং আওয়ামী লীগ ছাড়া ভিন্নমতের রাজনৈতিক দল ও বিরোধীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দেশ-বিদেশে নিন্দিত হয়েছে। বাহিনীগুলোর সুনাম, সুখ্যাতি ও সম্মান পুনরুদ্ধার করতে চাইলে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীগুলোর শুধু পোশাকের রং নয়, তাদের ভেতরটাও পাল্টাতে হবে। সততা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, এখনো ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থা পুরোদমে সচল হয়নি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও আন্তরিকভাবে দায়িত্ব পালনে অবহেলার কারণে রাজধানী সহ সারাদেশে যানজট, চুরি ও ছিনতাই আশংকা জনক হারে বেড়ে গেছে। মহাসড়কগুলোতে হাইওয়ে পুলিশের সন্তোষজনক টহল নেই।

তিনি প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার কার্যকর করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ