ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, রাষ্ট্র সংস্কার কাজ শেষ করার আগে নির্বাচন নয়। প্রথমে স্থানীয় নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে হলে নির্বাচনে প্রভাব সৃষ্টিকারী দৈত্য-দানবগুলো চিহ্নিত করা সহজ হবে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চরমোনাই ময়দানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা কাইয়ূম বলেন, দৈত্যদানবগুলোকে আটকে দিয়ে জাতীয় নির্বাচন দিলে সেই নির্বাচন ফেয়ার হবে। নির্বাচনে জনগণের ভোটের প্রতিফলন সম্ভব হবে। অন্যথায় অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আগের রাতে ভোট হয়ে যাওয়ার সমূহসম্ভবনাকে উড়িয়ে দেয়া যায় না।
তিনি বলেন, যারা নির্বাচনের জন্যে পাগলপারা তারাই সেই দৈত্যদানব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কেএম বেলাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ শাহাদাত হোসাইন, খুলনা বিভাগ আবুল কালাম আজাদ, মোমেনশাহী বিভাগ হাজী মুহাম্মদ শাহিন আহমদ, চট্টগ্রাম বিভাগ মুহাম্মদ শরিকুল ইসলাম, ফরিদপুর বিভাগ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া,রাজশাহী বিভাগ সিলেট বিভাগ রুনু, প্রবাসী শ্রমিক কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসমত আলী প্রমুখ।











