বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা দেশে ফেরত যাবে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সঙ্কট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এ তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে যে, তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। ২০১৮–২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছিল।’
এতে আরও বলা হয়, ‘আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই–বাছাই তাঁদের ছবি ও নামের অতিরিক্ত পর্যালোচনার জন্য স্থগিত রয়েছে।’
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে বলা হয়, ‘এটিই প্রথম এমন এক নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ। মিয়ানমার পক্ষ আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই–বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।’
বৈঠককালে হাই রিপ্রেজেন্টেটিভ মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।’










