spot_img
spot_img

অপরাধীদের জামিনে আসিফ নজরুল দায় এড়াতে পারেন: সারজিসের প্রশ্ন

আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, হাসিনার নির্দেশে এতোগুলো মানুষ খুন হলো। নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয়নি, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে?

বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় এসব কথা বলেন।

সারজিস লিখেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।

তিনি লিখেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে।

তিনি প্রশ্ন তুলে লিখেন, এগুলো কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?

জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারকার্য নিয়ে সারজিস লিখেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতোগুলো মানুষ খুন হলো, এতোগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না!

আইন উপদেষ্টা ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলে লিখেন, এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ