জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার। এই লক্ষ্যে মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
প্রকল্প প্রস্তাব সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ৮০৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। নির্মিত এ ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে শহীদ পরিবারগুলো।
নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় ৯৫ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৭৬১ কোটি টাকা। সম্প্রতি পরিকল্পনা কমিশনে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়।
সূত্র থেকে আরও জানা যায়, আলোচ্য প্রকল্পটি মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন্স সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়ন করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত প্রকল্প এরই মধ্যে যাচাই-বাছাই শেষ করেছে পরিকল্পনা কমিশন। অনুমোদন পেলে চলতি বছরের জুলাইয়ে শুরু হয়ে ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম শেষ হবে ২০২৯ সালের জুনে।
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এর নির্ভীক শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্ৰদৰ্শন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৩০৭.৩৪ কাঠা জমির ওপর শহীদ পরিবারদের জন্য ১ হাজার ৩৫৫ বর্গফুট আয়তনের ৮০৪টি আবাসিক ফ্ল্যাটের ব্যবস্থা করা, বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিনামূল্যে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আবাসিক ফ্ল্যাট প্রদানের ক্ষেত্র তৈরি করা।











