স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন আইজিপি বাহারুল আলম।
আইজিপি বলেন, “যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, “যেকোনো মূল্যে হাইওয়ের ডাকাতি বন্ধ করতে হবে।”
এ নির্দেশনা বাস্তবায়নে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।











