রাজধানীর ঢাকা-৬ সংসদীয় এলাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় সশরীরে ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে জড়িতদের হাতেনাতে ধরে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-৬ এলাকার বিভিন্ন পয়েন্টে সমন্বিত মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ইশরাক হোসেন বলেন, আজকের পর থেকে যারা নেশা করবে তাদের কী করা হবে, সেটা এখন মুখে বলতে পারছি না। তবে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। যারা মাদক বিক্রি ও সরবরাহ করছেন তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছেন।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এসেছেন। এখন থেকে কোথাও মাদকের অস্তিত্ব পাওয়া গেলে কঠিন শাস্তি ও বিচারের মুখোমুখি হতে হবে। যারা মাদক সেবন করতে আসেন তাদের আর সেখানে না আসার আহ্বান জানিয়ে এটিকে শেষ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তার দায়দায়িত্ব অনেক। যারা মূলত মাদক সরবরাহ করেন তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুন্টিঘরসহ সংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।











