spot_img

ইরানের ওপর আমেরিকার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন।

বেইজিং বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে আমেরিকা।

রোববার (২২ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান-ইসরাইল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ইরানে মার্কিন হামলা এবং আইএইএর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।”

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমেরিকার এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।”

চীন সব পক্ষ—বিশেষ করে ইসরাইলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বেইজিং বলেছে, “আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ