ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক সংগীত সোম করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীদের পাকিস্তানি মানসিকতার বলে অভিহিত করে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হিন্দুত্ববাদী নেতা সোম বলেন, দেশ করোনাকালের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। এখন ভ্যাকসিন চলে এসেছে। কিছু লোক ওই ভ্যাকসিনের বিরোধিতা করছে। যারা করোনা ভ্যাকসিনের বিরোধিতা করছেন তাদের পাকিস্তানি মানসিকতা রয়েছে। তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।
উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এই নেতা দাবি করে বলেন, দুর্ভাগ্যক্রমে কিছু মুসলিম, দেশকে বিশ্বাস করে না। তারা দেশের বিজ্ঞানী, পুলিশ এবং প্রধানমন্ত্রীকে ভরসা করেন না। যদি তাদের আস্থা পাকিস্তানে থাকে তবে তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া।
তিনি বলেন, এটা বিজেপি সরকার। এতে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। গুন্ডাদের কারাগারে প্রেরণ করা হয়েছে অথবা তারা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। মায়াবতী এবং অখিলেশের সরকারে পুলিশ ও গুন্ডাদের জোট ছিল।












